০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:৫৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে মার্কিন কর্মকর্তাদের কাছে সাদা পাউ`ডার`যু`ক্ত ৭০০টির বেশি হু`ম`কি`র চিঠি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
নির্বাচনের আগে মার্কিন কর্মকর্তাদের কাছে সাদা পাউ`ডার`যু`ক্ত ৭০০টির বেশি হু`ম`কি`র চিঠি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের কাছে ৭০০টির বেশি হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। চিঠিগুলোর সঙ্গে সাদা পাউডারও পাঠানো হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় ওই গুঁড়ায় বিপজ্জনক কোনো উপাদান পাওয়া যায়নি।


গ্রেপ্তার ব্যক্তির নাম রবিন প্যাট্রিক মার্টিন। তিনি ওকলাহোমা সিটির বাসিন্দা। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতে তাকে হাজির করা হয়।


মার্টিনের বিরুদ্ধে ডাকযোগে হুমকিমূলক বার্তা পাঠানো, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।


মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, কয়েক শ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এসব চিঠি পাঠানো হয়েছিল। প্রাপকদের মধ্যে কংগ্রেসের সদস্য এবং নির্বাচন ও ভোটসংক্রান্ত জরিপের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। চিঠিতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রাপকদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছিল। কিছু ক্ষেত্রে আরও ভয়াবহ পরিণতির কথাও উল্লেখ করা হয়।


চিঠির সঙ্গে পাঠানো সাদা পাউডার নিয়ে প্রথমে উদ্বেগ তৈরি হয়। তবে প্রাথমিক পরীক্ষায় সেগুলো ময়দা বলে ধারণা করা হয়েছে। এখনো সব চিঠির উপাদান পরীক্ষা করা সম্ভব হয়নি।


এফবিআইয়ের বিশেষ এজেন্ট ডেভিড কোলের দাখিল করা হলফনামা অনুযায়ী, চিঠিগুলোতে মূলত নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে লেখকের অসন্তোষ প্রকাশ পেয়েছে। বিশেষ করে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল।


হলফনামায় বলা হয়েছে, চিঠির লেখক দাবি করেছিলেন, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছিলেন। এ ছাড়া ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও একই ধরনের অনিয়ম ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।




শেয়ার করুন